সাতক্ষীরায় বিএনপির ইফতার মাহফিল, নির্বাচন কারচুপির অভিযোগ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৭:৫২ পিএম
সাতক্ষীরায় বিএনপির ইফতার মাহফিল, নির্বাচন কারচুপির অভিযোগ

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির তীব্র সমালোচনা করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শুক্রবার বিকেলে শহরের লেকভিউ চত্বরসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, "সদ্য সমাপ্ত নির্বাচনে নজিরবিহীন কারচুপি হয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের ৩৭টি আসনের মধ্যে অন্তত ২৫টি আসন সরাসরি হাইজ্যাক করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনের ফলাফল নির্ধারণ করা হয়েছে।" তিনি কারচুপির সাথে জড়িতদের দ্রুত সাতক্ষীরা থেকে অপসারণের দাবি জানান।  জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, দেশ ও জাতির উন্নয়নে  জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী হতে হবে। ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান। ইফতারপূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, অনেক লড়াই সংগ্রাম ও রক্তদানের মাধ্যমে আজ বাংলাদেশে শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে। নতুন সংসদীয় সরকার যাত্রা শুরু করেছে। জামায়াতে ইসলামী এই প্রথমবারের মতো বিরোধী দলে অবস্থান করছে। জামায়াতে ইসলামী সকল ভালো কাজে সরকারের পাশে থাকবে। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা রমজানের পবিত্রতা রক্ষা এবং জনদুর্ভোগ লাঘবে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ড. মনিরুজ্জামান, তাসকিন আহমেদ চিশতি, আবুল হাসান হাদী, কামরুল ইসলাম ফারুক ও আব্দুর রউফসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে অতিথিরা সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে ইফতারে শরিক হন।

আপনার জেলার সংবাদ পড়তে