ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল তাদের মূল খেলোয়াড়দের ভবিষ্যৎ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ডেকলান রাইসকে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে রাখতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ক্লাবটি। বিবিসি জানায়, উত্তর লন্ডনের ক্লাবটি তাদের তারকাদের ধরে রাখতে পরিকল্পিতভাবে একের পর এক চুক্তি নবায়নের উদ্যোগ নিচ্ছে।
২০২৩ সালে ওয়েস্ট হ্যাম থেকে প্রায় ১০৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে আর্সেনালে যোগ দেন রাইস। যোগ দেওয়ার পর থেকেই তিনি দলের অন্যতম ভরসার খেলোয়াড়ে পরিণত হয়েছেন। কোচ মিকেল আর্তেতার দলে মিডফিল্ডের নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখছেন ২৭ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার।
বিবিসি জানিয়েছে, বর্তমানে রাইসের সাপ্তাহিক বেতন প্রায় ২ লাখ ৪০ হাজার পাউন্ড। নতুন চুক্তিতে তার বেতন ক্লাবের সর্বোচ্চ আয়ের খেলোয়াড়দের কাছাকাছি নেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি তার সতীর্থ বুকায়ো সাকা চার বছর ছয় মাসের নতুন চুক্তিতে সই করেছেন, যেখানে তার সাপ্তাহিক বেতন কমপক্ষে ৩ লাখ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
তবে রাইসের নতুন চুক্তি নিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ক্লাব ও খেলোয়াড়ের প্রতিনিধিদের মধ্যে কথাবার্তা চলছে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার নির্দিষ্ট সময় এখনো নির্ধারিত হয়নি। তবু আর্সেনাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা রাখতে চায় না তারা।
বর্তমান চুক্তি অনুযায়ী রাইসের আরও দুই বছর মেয়াদ বাকি রয়েছে। পাশাপাশি ক্লাবের কাছে অতিরিক্ত এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে। তবু এমিরেটস স্টেডিয়ামের কর্তৃপক্ষ চান, রাইস তার সেরা সময়টা উত্তর লন্ডনেই কাটান।
আর্সেনালের জার্সিতে ইতোমধ্যে প্রিমিয়ার লিগে ১০২টি ম্যাচ খেলেছেন রাইস। পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলের হয়েও তিনি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।
আর্সেনাল শুধু রাইসই নয়, দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দীর্ঘমেয়াদে ধরে রাখার পরিকল্পনা করছে। ক্লাবটি ইতোমধ্যে বুকায়ো সাকা, উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েলের মতো তারকাদের চুক্তি নবায়ন করেছে। তরুণ প্রতিভা ম্যাক্স ডাউম্যানকেও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ক্লাবটির এই পরিকল্পনার লক্ষ্য একটি শক্ত ভিত্তির দল গড়ে তোলা, যাতে ধারাবাহিকভাবে শিরোপার লড়াই চালিয়ে যাওয়া যায়। বর্তমানে প্রিমিয়ার লিগে সাত পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকা আর্সেনাল সেই লক্ষ্যেই দলকে আরও স্থিতিশীল করার পথে হাঁটছে।