ছোট্ট বিড়ালকে ঘিরে মানবিক গল্প, আসছে ‘লাভ সিটার’

এফএনএস বিনোদন | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ০৩:৪০ পিএম
ছোট্ট বিড়ালকে ঘিরে মানবিক গল্প, আসছে ‘লাভ সিটার’

একটি ছোট্ট বিড়ালকে কেন্দ্র করে দুই একাকী মানুষের অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। মানবিক অনুভূতি, নিঃসঙ্গতা এবং ভালোবাসার সূক্ষ্ম টানাপোড়েনকে তুলে ধরা এই চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ।

এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। গল্পে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে রয়েছে একটি ছোট বিড়াল। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, বিড়ালটির উপস্থিতিই পুরো কাহিনিকে এগিয়ে নিয়ে যায় এবং চরিত্রগুলোর সম্পর্কের নতুন মাত্রা তৈরি করে।

চিত্রনাট্যও লিখেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। গল্পে বড় শহরের ব্যস্ততা ও নিঃসঙ্গতার ভিড়ে তৈরি হওয়া অদ্ভুত কিন্তু মানবিক সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। আবির, হৃদি এবং একটি ছোট বিড়াল ‘হিপনোসিস’ এই তিন চরিত্রের মধ্য দিয়ে মায়া, দায়িত্ববোধ এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্প দেখানো হবে।

নির্মাতা মুশফিকা মাসুদ বলেন, “বড় শহরে প্রতিদিন অসংখ্য অসহায় প্রাণী আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়ায়। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, যাকে আমরা পোষা প্রাণী বলি তার পুরো পৃথিবী জুড়ে থাকে সেই মানুষটি, যে তাকে আশ্রয় দেয়।” এই ভাবনা থেকেই ‘লাভ সিটার’ নির্মাণের ধারণা এসেছে বলে জানান তিনি।

নির্মাতারা মনে করেন, এটি শুধু দুই মানুষের সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতা ও দায়িত্ববোধেরও একটি বার্তা বহন করে। সামান্য যত্ন ও ভালোবাসাও একটি প্রাণীর পুরো পৃথিবী বদলে দিতে পারে, এমন উপলব্ধিই তুলে ধরা হয়েছে এই ওয়েব ফিল্মে।

ঈদের তৃতীয় দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘লাভ সিটার’। দর্শকদের জন্য এটি হবে এক ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের অভিজ্ঞতা বলে আশা করছেন নির্মাতারা।

আপনার জেলার সংবাদ পড়তে