মাহে রমজান কুরআন নাজিলের মাস, কুরআন নাজিলের এই মহান মাসে আল্লাহর জমিনে কুরআনের আইন প্রতিষ্ঠায় এগিয়ে সকলকে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি বলেন, কুরআনী আইন তথা ইসলামের সৌন্দর্য দেখতে চাইলে কুরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। চলমান ভয়াবহ নারী ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ অপরাধ বন্ধে কুরআনের শাসনই একমাত্র সমাধান। স্বাধীনতাকে অর্থবহ ও শোষণ বঞ্চনামুক্ত করতে হলে সর্বত্র আল্লাহর আইন কায়েম করতে হবে তিনি বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও বিজয়ের ৫৪ বছর পরও এদেশের মানুষ ন্যায় বিচার পায়নি। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। ন্যায় বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত। এমতাবস্থায় জনআকাঙ্খার বাংলা বৈষম্যহীন, শোষণ বঞ্চনামুক্ত বাংলা প্রতিষ্ঠিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের উকিলপাড়াস্থ নবান্ন কনভেনশন সেন্টারে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন শাখা এ আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে। সংগঠনের কুতুবপুর ইউনিয়ন শাখা সভাপতি মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দলের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল হোসাইন সিরাজী আল-মাদানী, ফতুল্লা থানা সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি হাজী মুহাম্মদ আমানুল্লাহ, সেক্রেটারী মুহাম্মদ জোবায়ের হোসেন, যুবনেতা মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।