পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী স্থানীয় আব্দুল কাদের কমিউনিটি সেন্টারে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কে এম জুট ফাইবার লিমিটেডের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে আগত হাফেজ শিক্ষার্থীরা এই প্রতিযোগীতা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ৫৪ জন প্রতিযোগী পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান। বিচারকমণ্ডলী তাজবীদ, মাখরাজ ও তেলাওয়াতের সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচিত করেন। গফরগাঁও মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম জুট ফাইবার লিমিটেডের চেয়ারম্যান মোঃ আখতার হোসেন বাবুল। তিনি তার বক্তব্যে বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার মোঃ আরশাদ হোসেন কায়সার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন পলাশ ও মোঃ মফিজ উদ্দিন। এছাড়াও আলোকিত গফরগাঁও এর পক্ষে সাংবাদিক রোবেল মাহমুদ ও সাংবাদিক রফিকুল ইসলাম খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, গণমাধ্যম কর্মী, হাফেজ শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে তিন বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ২ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং কিশোর ও তরুণদের কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সহযোগী হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন "আলোকিত গফরগাঁও" দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।