ভোলার দৌলতখানের কৃতি সন্তান নৌবাহিনীর লে, কমান্ডার ইমতিয়াজ আহমেদের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তার দেড় বছরের একমাত্র শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। খুলনা থেকে বরিশাল আসার পথে ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে তার দেড় বছরের শিশু মেহেরিমা নিহত হয়। এ সময় গাড়িতে থাকা নৌবাহিনীর এ কর্মকর্তা ও তার স্ত্রী রুমানা ও গুরুতর আহত হন। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার বাগড়ি বাজার এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে ব্র্যাক অফিস-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলার দৌলতখান পৌরসভা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা লে. কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশালে নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেট কার চালিয়ে মোংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল । দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা দিলে করেন। রাজাপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খুলনা-বরিশাল মহাসড়কের বাগড়ি বাজার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা এক শিশু মারা গেছে এবং দুজন আহত হয়েছেন।