সংযম ও সমপ্রীতির আবহে সাতক্ষীরা জেলা পুলিশের ইফতার মাহফিল

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১১:৪৯ পিএম
সংযম ও সমপ্রীতির আবহে সাতক্ষীরা জেলা পুলিশের ইফতার মাহফিল

বসন্তের বিকেলে সূর্যাস্তের আগমুহূর্তে এক স্নিগ্ধ ও আধ্যাত্মিক আবহে মিলিত হয়েছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যরা। উপলক্ষ-পবিত্র মাহে রমজান। শনিবার (১৪ মার্চ) জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই দোয়া ও ইফতার মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি জেলা পুলিশের সদস্যদের মধ্যে এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ অতিথি হিসেবে মাহফিলে যোগ দেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেন। ইফতারের আগে ড্রিলশেড জুড়ে নেমে আসে এক শান্ত নীরবতা। সারাদিনের সিয়াম সাধনা শেষে একই দস্তরখানে কাঁধে কাঁধ মিলিয়ে বসেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সদস্যরা। এই আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং পারস্পরিক সমপ্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। মাগরিবের আজানের ঠিক আগমুহূর্তে মোনাজাতে হাত তোলেন সকলে। মহান আল্লাহর দরবারে বাংলাদেশ পুলিশসহ দেশের সার্বিক সমৃদ্ধি, শান্তি এবং সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ (প্রশাসন ও অর্থ), মিথুন সরকার (ক্রাইম অ্যান্ড অপস), মো. শাহীনুর চৌধুরী (সদর সার্কেল), মো. রাজীব (কালিগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলাম, শেখ মোহাম্মদ নূরুল্লাহ এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ডিবি ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা এই ইফতার ও দোয়া মাহফিলে শরিক হন। পেশাগত ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা এদিন একই দস্তরখানে শরিক হয়ে ভাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শৃঙ্খলার বলয়ে থাকা এই মানুষগুলোর মাঝে পবিত্র রমজানের এই ক্ষণটি যেন বয়ে এনেছিল এক পশলা প্রশান্তি আর আধ্যাত্মিক আবহ।

আপনার জেলার সংবাদ পড়তে