বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস সিঙ্গাপুর যাবেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই জ্যেষ্ঠ বিএনপি নেতার মস্তিষ্কে শুক্রবার (১৩ মার্চ) অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে নিউরো আইসিইউতে রেখে চিকিৎসকদের ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন, “আজ সকালে সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।”
মির্জা আব্বাস গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করা সিটি স্ক্যানের প্রতিবেদনে অবস্থার অবনতি ধরা পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেলে প্রথম দফায় এবং পরে সন্ধ্যায় দ্বিতীয় দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।
এদিকে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতাও হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন।