পাওনা টাকা না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শাহ আলম সরকার নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কাজিরহাট থানার ওসি মো. নবিউল হাসান বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিন্টু মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু মাতুব্বর শনিবার দুপুরে একই এলাকার শাহ আলম সরকারের কাছে পাওনা টাকা দাবি করেন। এসময় শাহ আলম সরকার টাকা দিতে অনীহা প্রকাশ করলে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিন্টু মাতুব্বর কাঠের লাঠি দিয়ে শাহ আলম সরকারের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হন কিন্তু পথিমধ্যে শাহ আলম সরকারের মৃত্যু হয়।