ইচ্ছামতো পথ বেঁছে নিলেই পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না

ছারছীনার তিন দিনব্যাপী মাহফিল সম্পন্ন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ছারছীনার তিন দিনব্যাপী মাহফিল সম্পন্ন

বরিশালের ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে তিনদিনব্যাপী বার্ষিক ঈছালে সওয়াব মাহফিল লাখো ধর্মপ্রাণ মুসল্লির অশ্রুসিক্ত দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাদ জোহর অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। লাখো মুসল্লির কান্না ও ‘আমিন-আমিন’ ধ্বনিতে পুরো দরবার প্রাঙ্গণ এক আবেগঘণ পরিবেশে পরিণত হয়। মাহফিলে প্রধান বক্তব্যে আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, একজন মুমিন হিসেবে আকিদা, আমল, আখলাক ও আদবসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সঠিক পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, নিজের ইচ্ছামতো পথ বেঁছে নিলেই পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। ঈমানের পূর্ণতার অন্যতম অন্তরায় হচ্ছে বদ আকিদা। তাই প্রতিটি ঈমানদারের জন্য সঠিক আকিদা অনুসরণ করা অপরিহার্য। তিনি বলেন, যারা মহান আল্লাহর সরাসরি হুকুমের বিরুদ্ধাচরণ করে, পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যায় নিজস্ব মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে কিংবা রাসূলুল্লাহ (সা.) এর সুন্নতকে অবজ্ঞা করে, তারা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। একইভাবে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এবং সালফে সালেহীন ও আউলিয়ায়ে কেরামের অনুসরণ থেকে মানুষকে বিরত রাখতে বিভ্রান্তি ছড়ায়, তাদের ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে। পীর সাহেব আরও বলেন, ইসলামে সীরাতুল মুস্তাকিম বা সরল সঠিক পথে চলার ক্ষেত্রে বাড়াবাড়ি কিংবা শিথিলতার কোনো সুযোগ নেই। দীন ইসলাম কেবল গ্রন্থে লিপিবদ্ধ হয়ে মানুষের কাছে পৌঁছায়নি; বরং যুগে যুগে হক্কানি আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের ধারাবাহিক আমল, শিক্ষা ও ত্যাগের মাধ্যমেই তা সংরক্ষিত ও প্রচারিত হয়েছে। তিনি আরও বলেন, সমাজে এক শ্রেণির মানুষ রয়েছে যারা পূর্ববর্তী হক্কানি আলেম-ওলামা ও পীর-মাশায়েখদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এসব বিভ্রান্তিকর মতবাদ থেকে মুসলমানদের সতর্ক থাকার জন্য তিনি আহবান করেন। উল্লেখ্য, চলতি বছর পবিত্র রমজান মাসে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ায় ছারছীনা দরবার শরীফে দেশের অন্যতম বৃহৎ ইফতার মাহফিল ও খতম তারাবির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। শেষে তিনদিনব্যাপী এই মাহফিলের আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, দেশের শান্তি ও মানুষের কল্যাণ কামনা করা হয়। মুসল্লিদের কান্না ও দোয়ার মধ্যদিয়ে সমাপ্ত হয় উপমহাদেশের ঐতিহ্যবাহী এই আধ্যাত্মিক সমাবেশ।

আপনার জেলার সংবাদ পড়তে