মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে প্রেমের সম্পর্কের পর বিয়ে। অতঃপর যৌতুকের দাবিতে অব্যাহত নির্যাতনের পর গৃহবধূকে হত্যার হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের। শনিবার দিবাগত রাতে ওই গ্রামের তৌহিদুল ইসলাম আশিকের স্ত্রী ও দিনাজপুর জেলার সদর থানার ১ নম্বর ওয়ার্ডের গোবরাপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতুন বাবলি (২৯) বলেন, মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে গৌরনদী উপজেলার সরিকল গ্রামের তরিকুল ইসলাম বাদল সরদারের ছেলে তৌহিদুল ইসলাম আশিকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ইসলামী শরিয়ত মোতাবেক ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। অভিযোগ করে জান্নাতুন বাবলি বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার স্বামী তৌহিদুল, ননদ তামিমা ইসলাম তন্নি, শাশুড়ি ফাহমিদা খানম, শশুর তরিকুল ইসলাম তাকে (বাবলি) শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। তাদের অব্যাহত নির্যাতন সহ্য করতে না পেরে চলতি বছরের ১৩ জানুয়ারি গৌরনদী মডেল থানায় তিনি (বাবলি) বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, মামলা দায়েরের পর আসামিরা তাকে (বাবলি) আর নির্যাতন না করার শর্তে থানা পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সমঝোতা করে মামলা থেকে স্বামী ও তার পরিবারের সদস্যদের জামিন করানো হয়। কান্নাজড়িত কন্ঠে জান্নাতুন বাবলি বলেন, জামিনে এসেই তার স্বামী তৌহিদুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা পূনরায় নির্যাতন শুরু করে। এসময় তাকে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে উপায়অন্তুর না পেয়ে তিনি (বাবলি) ১৪ মার্চ দুপুরে স্বামী তৌহিদুল ও তার পরিবারের উল্লেখিত সদস্যদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে গৃহবধূ জান্নাতুন বাবলির স্বামী তৌহিদুল ইসলাম আশিক বলেন, স্থানীয় একটি মহলের প্ররোচনায় বাবলি আমাদের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করে থানায় অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, গৃহবধূর দায়ের করা অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।