বাবুগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লব ভুলে গেছে বিএনপি: বাবর

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ১৫ মার্চ, ২০২৬, ০৭:৪৮ পিএম | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬, ০৭:৪৮ পিএম
ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লব ভুলে গেছে বিএনপি: বাবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছে। একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং শিক্ষা সংস্কার আইন দ্রুত প্রণয়ন করা জরুরি। রোববার (১৫ মার্চ) বিকেলে বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তায়ালা এই মাসেই পবিত্র কুরআন নাজিল করেছেন। তাই একজন মুসলমান কুরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানকে চূড়ান্ত হিসেবে মেনে নিতে পারে না। তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল হক অলিদ, জামায়াত নেতা অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, শূরা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে