অসামাজিক কর্মকান্ডের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে কর্তৃক মাদরাসায় পড়ুয়া এক কিশোরীকে (১৪) আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত এগারোটার দিকে অগ্নিদগ্ধ কিশোরী রাইসা ইসলাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত রাইসা বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর নজরুল ইসলাম হাওলাদারের মেয়ে ও স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। স্থানীয় বাসিন্দা মো. তসলিম হোসেন জানিয়েছেন, নজরুল ইসলামের স্ত্রী অন্যত্র বিয়ে করেছে। সেসুবাধে তার (নজরুল) একমাত্র বড় ছেলে ঢাকায় একটি ফলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করছে। আর ছোট মেয়ে রাইসাকে নিয়ে নজরুল ইসলাম বাড়িতে বসবাস করছেন। ঘটনারদিন রবিবার (১৫ মার্চ) সকালে তিনি (নজরুল) দিনমজুরের কাজে বের হন। এসময় তার মেয়ে রাইসা একাই বাড়িতে ছিলো। মৃত্যুর পূর্বে অগ্নিদগ্ধ কিশোরী রাইসা ইসলামের একটি ভিডিও বক্তব্যে বলতে শোনা গেছে, প্রতিবেশী জালাল সিকদারের বখাটে ছেলে সিফাত সিকদার তাকে (রাইসা) কু-প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। নজরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত রাইসাকে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাইসাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রাইসা মৃত্যুবরণ করেছে। বাবুগঞ্জ থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক অভিযুক্ত বখাটে রিফাত সিকদারকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। ওসি আরও জানিয়েছেন, মৃত রাইসা ইসলামের স্বজনদের সাথে কথা হয়েছে তারা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে ঘটনার পর থেকে বখাটে রিফাত ও তার পরিবারের সদস্যরা আত্মগোপন করায় তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।