১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানা ও এয়ারপোর্ট থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এরপূর্বে নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতর স্বীকারোক্তি মতে এয়ারপোর্ট থানার রুইয়া এলাকা থেকে অপর এক নারীকে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হোসেন খান জানিয়েছেন, নবগ্রাম রোডের সরদারপাড়া এলাকার মিজানুর রহমান খানের ম্যানশন এবং রুইয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে নগরীর জিয়া সড়কের মিলন মল্লিকের স্ত্রী নিপা বেগম (৪২) এবং নবগ্রাম রোডের রুইয়া এলাকার ইলিয়াস খানের স্ত্রী অন্তরা আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত নিপা ম্যানশন ভবনের চারতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিপার শয়নকক্ষের খাটের নিচ থেকে চারটি প্যাকেটে ১০ কেজি গাঁজা জব্দসহ তাকে (নিপা) গ্রেপ্তার করা হয়। একইদিন রাতে রুইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে আরও ছয় কেজি গাঁজাসহ অন্তরা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অন্তরা ও নিপা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছিলো।