চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর জাবীর হোসনাইন সানীব-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মতলব দক্ষিণ থানাধীন ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার মাউন্দি প্রধানিয়া বাড়িতে পলাতক আসামী সুমন প্রধানিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের রান্নাঘরে রাখা চাউলের ড্রামের ভিতর থেকে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে সর্বমোট ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন- মর্জিনা আক্তার (২১) ও শাহনাজ আক্তার (৩০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী সুমন প্রধানিয়া (৩৬) ও রাজিব প্রধানিয়া (২৮) কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।