কুড়িগ্রামের চিলমারীতে কালবৈশাখী ঝড়ের তণ্ডবে নৌকা চাপায় মিন্টু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে ফরিদ হোসেন (৩২) নামে আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাটে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে। নিখোঁজ ফরিদ হোসেন ইসহাক আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকার দড়ি ছিঁড়ে সেটি মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় ঝড়ের তাণ্ডবে ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন বলে স্থানীয়রা জানিয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারে স্বজন ও স্থানীয়রা রাত থেকেই ব্রহ্মপুত্র নদে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য আঙুর মিয়া ঝড়ের কবলে ১জনের মৃত্যু ও ১জনের নিখোজের বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে চিলমারী মডেল থানার ডিউটি অফিসার এএসআই আসমা আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।