রাজশাহীর বাঘায় বাউসা ইউনিয়নে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা তেঁতুলিয়া এলাকার জুলাপাড়া মাঠে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি। জানা গেছে, বাউসা ইউনিয়নের পীরগাছা তেঁতুলিয়া এলাকার জুলাপাড়া মাঠে কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন থেকে অবৈধভাবে পুকুর খনন করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন এর আগে সতর্কতামূলকভাবে লাল পতাকা টানিয়ে দেয় এবং ভেকু মেশিনের ব্যাটারি খুলে নেয়। এরপরও খনন কার্যক্রম চালানো হলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, অবৈধভাবে পুকুর খননের অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।