শেরপুর জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব গ্রহণ করেছেন এবিএম মামুনুর রশীদ পলাশ। সোমবার (১৬ মার্চ) দুপুর ১ টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে শেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এবিএম মামুনুর রশীদ পলাশসহ দেশের ৪২টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেন। এবিএম মামুনুর রশীদ পলাশ জেলা বিএনপির স্থগিতকৃত আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। সোমবার (১৬ মার্চ) দুপুর ১ টায় জেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়সহ সকল কর্মকর্তার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। নবনিযুক্ত প্রশাসক মামুনুর রশীদ পলাশ বলেন, ১৭ বছরের উন্নয়ন বঞ্চিত শেরপুর জেলাকে উন্নয়নের ট্রাকে আনার জন্য চেষ্টা চালাবো। জেলা পরিষদের দরজা সব মানুষের জন্য সবসময়ই খোলা থাকবে।জেলাপরিষদের নানা সমস্যা সমাধানসহ জেলা পরিষদের সম্পত্তি দখল হয়ে থাকলে তা উদ্ধার করবো। আমি আপনাদের সাথে নিয়ে সব কাজ করতে চাই। জেলা পরিষদের মাধ্যমে রাস্তাঘাট, অবকাঠামো ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো।