কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় মো. ইমন মিয়া (২২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি ও একটি গরু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম চারিপাড়া গ্রামের আবু হানিফার বড় ছেলে। আহতরা হলেন একই এলাকার মতি মিয়া (৩৫), তেহব আলীর ছেলে বাবুল মিয়া (৪০)। দুর্ঘটনায় বাবুল মিয়ার গরুটি মারা যায়। আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান জানান, সোমবার দুপুরে মহাসড়কের পাশ দিয়ে বাবুল মিয়া ও মতি মিয়া গরু নিয়ে বাজারে যাওয়ার সময় ইমন মিয়া সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন মিয়াকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ঈশা খান জানান, ঘটনা স্থলেই ইমন মিয়ার মৃত্যু হয়েছে। আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় এক ব্যক্তি ও একটি গরুর মৃত্যু হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যায়। উল্টে যাওয়া ট্রাক উদ্ধার ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।