আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাপায় চাচা-ভাতিজার মৃত্যু

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৮ মার্চ, ২০২৬, ০৪:৩৮ পিএম | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৪:২৮ পিএম
আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাপায় চাচা-ভাতিজার মৃত্যু
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেল আরোহী এক শিশুসহ দুজনকে পিষে দিয়েছে বালুবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বানেশ্বর কলাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়েছেন। নিহত দুজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তার ভাতিজা মো. রেদোয়ান (৬)। চারঘাট থেকে তারা পুঠিয়ার শিবপুরে আত্মীয়ের বাড়ি এসেছিলেন। মোটরসাইকেল নিয়ে দুপুরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকের চাকা দুজনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘পরিস্থিতি উত্তপ্ত। এখন ট্রাকে আগুন জ¦লছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’ ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। আমরা এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
আপনার জেলার সংবাদ পড়তে