শেরপুরের নালিতাবাড়ী উপজেলা গলায় ফাঁস দিয়ে মো. রতন মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাকান্দী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. রতন মিয়া মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রাতের খাবার শেষে নিজ বসতঘরের একটি কক্ষে স্ত্রী ও শিশু সন্তানসহ ঘুমাতে যান। পরবর্তীতে শেষ রাতের দিকে তার স্ত্রী নাছরীন বেগম ঘুম থেকে উঠে ঘরের লাইট জ্বালালে দেখতে পান রতন মিয়া ঘরের ধর্ণার সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত মরদেহ দেখতে পান। বুধবার সকালে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে। পরিবার জানায়, প্রায় ৪/৫ মাস আগে প্রতিবেশী মো. আনসার আলীর পরিবারের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটে। ওই সময় রতন মিয়া গুরুতর আহত হন এবং দীর্ঘদিন ধরে অসহনীয় শারীরিক ব্যথা ও মানসিক চাপের মধ্যে ছিলেন। এই ঘটনায় নালিতাবাড়ী থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।