দাকোপে জিডি করার ৯ দিনের মাথায় আবারো ঘের লুট

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৬:৩৭ পিএম
দাকোপে জিডি করার ৯ দিনের মাথায় আবারো ঘের লুট

দাকোপের চুনকুড়ি এলাকায় গভীর রাতে ঘের লুটের অভিযোগ পাওয়া গেছে। থানায় জিডি করার ৯ দিনের মাথায় একই প্রতিপক্ষরা দ্বিতীয় দফা লক্ষ টাকার মাছ লুট করেছে বলে জানা গেছে। দাকোপের চুনকুড়ি এলাকায় মৎস্য চাষী সেকেন্দার আলী শেখ একই এলাকার ইবাদুল মীর্জা ও খায়রুল ইসলামের ভোগ দখলীয় ২ একর জমি ৫ বছর মেয়াদী লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধে জমি দখল এবং ঘের লুটপাটের জন্য প্রতিপক্ষরা তৎপর হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় গত ৭ মার্চ ২০২৬ একই এলাকার তৈয়ব মীর্জা এবং বাহার মীর্জার নেতৃত্বে ৬/৭ জন প্রকাশ্যে দিবালোকে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এসে আনুমানিক ৩ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। যে ঘটনায় ঘের মালিক সেকেন্দার শেখের পুত্র সাইফুল শেখ বাদী হয়ে ৮ মার্চ দাকোপ থানায় ৭ জনের নামে সাধারণ ডায়েরী করে যা দাকোপ থানার জিডি নং ৩১১। যে ঘটনার তদন্ত এবং আইনী প্রক্রিয়া চলমানের মাঝে ৯ দিনের ব্যবধানে আবারো ঘের লুটের ঘটনা ঘটেছে। অভিযোগে জানা যায় গত ১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পরে প্রতিপক্ষ মান্নান শেখ এবং বাহার মীর্জার নির্দেশে মোস্তাইন শেখ ও আসিফ শেখের নেতৃত্বে ঘের থেকে লক্ষ টাকার মাছ লুট করা হয়। এ সময় ঘের মালিক পক্ষ মাছ মারার বিষয়ে জানতে চাইলে তারা জানায় মান্নান শেখ এবং বাহার মীর্জার নির্দেশে তারা মাছ মেরে নিয়ে যাচ্ছে। ঘটনার পর ভুক্তভোগীরা দাকোপ থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ ওই জিডি মূলে মাছ লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে