শহীদ রাকিবের কবর জিয়ারত, পরিবারের পাশে জামায়াত আমীর

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৬:৫৩ পিএম
শহীদ রাকিবের কবর জিয়ারত, পরিবারের পাশে জামায়াত আমীর

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া রাকিব হোসাইনের পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে গেছেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বুধবার (১৮ মার্চ) তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামে শহীদের বাড়িতে যান। এসময় তিনি শহীদ রাকিবের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে শোকসন্তপ্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রসঙ্গত, শহীদ রাকিব হোসাইন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একজন সক্রিয় ছাত্র হিসেবে অংশগ্রহণ করেন। ৫ আগস্ট ২০২৪ ঢাকায় তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার শহীদ পরিচয় নিশ্চিত করা হয়। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামে। এদিকে একই দিনে জামায়াত নেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া গ্রামে আগুনে পুড়িয়ে হত্যার শিকার শিশু রাইসা আক্তারের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও তিনি বাবুগঞ্জ উপজেলার সুদান এলাকায় এক ক্যান্সার আক্রান্ত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন। পরে চাঁদপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ধর্মপ্রাণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি, জামায়াত নেতা মাস্টার মো. জাকির হোসেন, যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, রহমতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম, দেহেরগতি ইউনিয়নের সেক্রেটারি মো. ইদ্রিস হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে