শ্রীউলা ইউনিয়নে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে উদারতা'র নতুন পোশাক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৮ মার্চ, ২০২৬, ০৭:০১ পিএম | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৭:০১ পিএম
শ্রীউলা ইউনিয়নে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে উদারতা'র নতুন পোশাক বিতরণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১১ টায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির শুরুতেই উদারতার স্বপ্নদ্রষ্টা আব্দুল্লাহ মাহমুদ‌কে স্মর‌নের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্ণকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। উদারতা যুব ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সভাপতির বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করার অধিকার রাখে। সেই চিন্তা থেকেই আমি ও আমার সংগঠন প্রতি বছর চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। এই কার্যক্রমের মাধ্যমে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটানো যায়, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাইমিনুল। সুশৃঙ্খলভাবে তালিকা অনুযায়ী উপকারভোগীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। এসময় নারী, শিশু ও বয়স্কদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তাদের মাঝে ঈদের আনন্দের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবক দেলোয়ার, ফুয়াদ, রহমত আলী, আরিফ, সুমাইয়া, জান্নাতি, সোহেল, হারানসহ অন্যান্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপকারভোগীরা এ ধরনের উদ্যোগের জন্য উদারতা যুব ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই সহায়তা আমাদের জন্য ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।” শেষে অতিথিরা সংগঠনের এ মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে