যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া কামনা চক্রবর্তী (৩৩) নামে এক এনজিও নারী কর্মীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার(১৮মার্চ) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এনজিও কর্মী কামনা চক্রবর্তী চলিশিয়া গ্রামের দাসপাড়া এলাকার দীপক চক্রবর্তীর স্ত্রী ও সাধন দাসের মেয়ে। প্রগতি সমাজকল্যাণ সংস্থা অভয়নগর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি। তারা চলিশিয়া গ্রামের কাজী মঈন উদ্দিন নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়ির টিনসেড ঘরের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কামনা চক্রবর্তীর সাড়া না পেয়ে তার ঘরের দরজা ভাঙ্গা হয়। এসময় ঘরের ভেতরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা কামনা চক্রবর্তীর মৃত্যু রহস্যজনক। অপরদিকে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিহতের পরিবার। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’