প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের ঈদ উদযাপন কোথায়

এফএনএস | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৩:১২ পিএম
প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের ঈদ উদযাপন কোথায়

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন।

ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বিএনপির শীর্ষ নেতাদের বেশিরভাগই নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। তবে কয়েকজন নেতা ঢাকায় থেকেই ঈদ পালন করবেন এবং পরে নিজ এলাকায় যাবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলটির সিনিয়র নেতারা।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ উদযাপন করবেন।

দলের দুই শীর্ষ নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান বর্তমানে অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া রুহুল কবির রিজভী ঢাকায়, মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকতউল্লা বুলু নোয়াখালীতে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে ঈদ করবেন।

যুগ্ম মহাসচিবদের মধ্যে খায়রুল কবির খোকন নরসিংদীতে, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্ণীপুরে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আবদুস সালাম আজাদ মুন্সিগঞ্জে ঈদ পালন করবেন।

সব মিলিয়ে বিএনপির অধিকাংশ নেতা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করলেও, ঢাকায়ও থাকবে দলের শীর্ষ পর্যায়ের কিছু উপস্থিতি।

আপনার জেলার সংবাদ পড়তে