দেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির এক পর্যালোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ধর্মমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, দেশের সকল জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বৃহস্পতিবার কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। ফলে শুক্রবার (২০ মার্চ) ৩০তম রোজা পালিত হবে এবং শনিবার সারা দেশে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব ঈদুল ফিতর।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে এখন দেশজুড়ে বইছে আনন্দের আবহ। রাজধানী ঢাকাসহ সারা দেশের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতো পাঁচটি পৃথক জামাতের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ভৌগোলিক কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হলেও বাংলাদেশে তা হচ্ছে একদিন পর। তবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবারই ঈদুল ফিতর উদযাপন করবেন।
উল্লেখ্য, টানা সাত দিনের সরকারি ছুটি চলায় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন। রাজধানীর রাজপথ এখন অনেকটা ফাঁকা। আগামী ২৩ মার্চ পর্যন্ত সরকারি এই সাধারণ ছুটি বলবৎ থাকবে।