সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্ণীপুর জেলার ১১টি গ্রামে শুক্রবার আগাম ঈদুল ফিতর উদযাপন করা হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট গ্রামগুলোতে ঈদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশোই ও কাঞ্চনপুর; রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ মোট ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে ঈদ উদযাপন করবেন। শুক্রবার সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত নোয়াগাঁও ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিটি গ্রামেই নিজ নিজ ঈদগাহ মাঠে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পবিত্র মক্কা ও মদিনার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন। প্রায় ৪৭ বছর ধরে এ প্রথা অব্যাহত রয়েছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা বলেন, “লক্ষ্ণীপুরের ১১টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুসল্লিরা ঈদুল ফিতর উদযাপন করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” তিনি আরও জানান, শনিবার জেলার অন্যান্য স্থানে ঈদের নামাজ আদায়ের জন্য সব ঈদগাহ মাঠ প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।