মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে বিঘ্ন অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে সৌদি আরব।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসের শেষ নাগাদ যদি এই সংকটের সমাধান না হয়, তবে জ্বালানি বাজারে এর ভয়াবহ প্রভাব পড়বে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকেই বিশ্ববাজারে তেলের মূল্যে অস্থিরতা বিরাজ করছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছালেও পরে তা কিছুটা থিতু হয়।
রিয়াদভিত্তিক পররাষ্ট্রনীতি বিশ্লেষক উমার কারিম জানান, লোহিত সাগরের টার্মিনালগুলোতে হামলা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে তেলের দাম অনায়াসেই ১৫০ থেকে ১৮০ ডলারের ঘর স্পর্শ করতে পারে। বর্তমান পরিস্থিতিতে এটিই এশিয়া ও ইউরোপের মধ্যে কার্যকর একমাত্র সংযোগ পথ হওয়ায় এর গুরুত্ব অপরিসীম।
বিশ্লেষকদের মতে, সৌদি আরব বর্তমানে ইয়ানবু বন্দরের মাধ্যমে তেল রপ্তানি সচল রাখতে পারলেও আঞ্চলিক উত্তেজনার পারদ যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে জ্বালানি স্থাপনাগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুরো জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।