আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মোঃ তৌহিদুল ইসলাম পারভেজ মৃধা। জনগণ চাইলে তাদের দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে প্রার্থিতার বার্তা পৌঁছে দিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছেন পারভেজ মৃধা। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা প্রচার নিয়েও ব্যস্ত সময় পার করছেন। মোঃ তৌহিদুল ইসলাম পারভেজ মৃধা কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ও ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা শিক্ষক ফজলুল হক বাদশা মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবু সায়েমও স্থানীয়ভাবে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, পারভেজ মৃধা একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং এলাকায় ব্যাপক জনপ্রিয়। কেদারপুর ইউনিয়নে তার পরিবারের একাধিক সদস্য অতীতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। সে ধারাবাহিকতায় দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থন পেলে নির্বাচনে অংশগ্রহণ করলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে পারভেজ মৃধা বলেন, কেদারপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এবং অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকতে চান।