সীতাকুণ্ডে শহীদ ও নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) :
| আপডেট: ২১ মার্চ, ২০২৬, ১২:১০ এএম | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৭:১৮ পিএম
সীতাকুণ্ডে শহীদ ও নির্যাতিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সীতাকুণ্ডে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত, নিহত ও নির্যাতিত পরিবারগুলোর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী বৃহস্পতিবার (১৯ মার্চ) তারেক রহমান-এর পক্ষ থেকে এসব উপহার তুলে দেন। অনুষ্ঠানে তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন-এর স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ রাসেলের পিতার হাতে এবং বারবকুণ্ড ইউনিয়ন-এর মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সুমনের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার প্রদান করেন। এ সময় এমপি আসলাম চৌধুরী বলেন, আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক কর্তব্য। তিনি আরও বলেন, শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব এবং তাদের ত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যতেও এসব পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ  মোরসালিন, সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি, সদস্য সচিব হেলাল উদ্দিন বাবরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে একই দিনে সোনাইছড়ি ইউনিয়ন-এ অবস্থিত ঐতিহ্যবাহী বার আউলিয়া মসজিদ-এর পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি আসলাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন জাহাঙ্গীর সহ স্থানীয় মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নতুন আশার সঞ্চার করবে।

আপনার জেলার সংবাদ পড়তে