জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

এফএনএস | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ১০:০৮ এএম
জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে আজ শনিবার (২১ মার্চ) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়া জামাতে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, সংসদ সদস্যগণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের সম্মানিত বিচারপতিগণ, শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং মুসলিম দেশগুলোর কূটনীতিকরা শরিক হন। নামাজ ও খুতবা শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদের এই বিশেষ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খতিব তাঁর খুতবায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দানকে বর্ণিল সাজে সাজানো হয়েছিল। এবারের ঈদ জামাতে নারীদের জন্য ছিল আলাদা প্রবেশপথ এবং বিশেষ অজুর ব্যবস্থা। সাড়ে তিন হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতা সম্পন্ন এই ময়দানে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার জন্য পর্যাপ্ত মেডিকেল টিম এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল।

জামাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশবাসীকে ঈদের পবিত্র বারতা পৌঁছে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে