রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের পর্যায়ক্রমিক জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় প্রথম জামাতের পর সকাল ৮টায় দ্বিতীয় জামাত সম্পন্ন হয়েছে। এই জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী।
দ্বিতীয় জামাত শেষে এক আবেগঘন মোনাজাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। দীর্ঘ সময় ধরে চলা এই দোয়ায় মহান আল্লাহর দরবারে বিগত এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত কবুলের জন্য আর্তি জানানো হয়। মোনাজাতে দেশ ও জাতির ওপর থেকে যাবতীয় বালা-মুসিবত দূর করা এবং বাংলাদেশের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও হেদায়েতের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
মোনাজাতের সময় অনেক মুসল্লিকে অশ্রুসিক্ত নয়নে নিজের গুনাহের মাফ চাইতে এবং প্রয়াত আত্মীয়-স্বজনের জান্নাত কামনায় প্রার্থনা করতে দেখা গেছে। এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে ঈদের প্রথম জামাতটি অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে আজ মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন এবং সকাল ১০টায় চতুর্থ জামাতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী ইমামতি করবেন। সবশেষ পঞ্চম জামাতটি সকাল ১০টা ৪৫ মিনিটে মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহর ইমামতিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলামকে প্রস্তুত রাখা হয়েছে।
শান্তিপূর্ণভাবে নামাজ আদায় নিশ্চিত করতে বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।