দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সিলেটজুড়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সময়ে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আসজাদ আহমদ। এছাড়া হযরত শাহপরান (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে নারী ও শিশুদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পর্যায়ক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায় এবং জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় সকাল ৮টা ও সাড়ে ৮টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানেও সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর কাজিরবাজার মখন জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি পাড়া-মহল্লার মসজিদেও মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। পুরো সিলেটজুড়েই ঈদের জামাতকে কেন্দ্র করে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।