এবারের ঈদুল ফিতরে সারা দেশে চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে কমেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে, এবারের ঈদে জনজীবন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রেক্ষিতে আমরা যতটা দুশ্চিন্তায় ছিলাম, তার তুলনায় মহান আল্লাহর অশেষ রহমতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ঈদ উদযাপন করতে পারছে।’
অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনার খবর পাওয়া যায়নি। তবে দু-একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে লঞ্চ দুর্ঘটনার খবরটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক।’
রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর জোর দিয়ে আসাদুজ্জামান বলেন, ‘যেকোনো মূল্যে সমাজ থেকে দুর্বৃত্তায়ন নির্মূল করতে হবে। বর্তমান সরকার সব ধরনের অপরাধ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে অঙ্গীকার আমরা করেছি, তা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
নামাজ শেষে ঈদের এই মিলনমেলায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রী উপস্থিত সকলের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন এবং দেশের সমৃদ্ধি কামনা করেন।