বাংলাদেশে চাঞ্চল্যকর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। শনিবার (২১ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) রিমান্ড শেষে তাঁকে বিধাননগর আদালতে তুললে বিচারক এই আদেশ দেন। আগামী ৩ এপ্রিল তাঁকে পুনরায় আদালতে পেশ করা হবে।
আদালত সূত্রে জানা গেছে, জেল হেফাজতে থাকাকালীন প্রয়োজনে এসটিএফ কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এদিন আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে ফিলিপের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাঁকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ফিলিপ সাংমার বিরুদ্ধে অভিযোগ, ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পালাতে সরাসরি সহায়তা করেছিলেন তিনি। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাঁদের মেঘালয়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফিলিপ মূল ভূমিকা পালন করেন বলে তদন্তে উঠে এসেছে। গত ১৩ মার্চ নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে এসটিএফ তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে, মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পশ্চিমবঙ্গ এসটিএফ। তাঁরা মেঘালয় থেকে বনগাঁ হয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশের পায়তারা করছিলেন বলে জানা গেছে। বর্তমানে তাঁরাও পুলিশি হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেল আরোহী হেলমেট পরিহিত দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। এই হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।