ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন কৌশলগত অবস্থানে হামলার রেশ কাটতে না কাটতেই এবার আক্রমণের মাত্রা আরও বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েল। শনিবার (২১ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে সাফ জানিয়েছেন, চলতি সপ্তাহে ইরানি অবকাঠামোর ওপর হামলার তীব্রতা বহুগুণ বৃদ্ধি করা হবে।
প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং মার্কিন সেনাবাহিনী যৌথভাবে ইরান সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর যে অভিযান চালাচ্ছে, তার পরিধি এ সপ্তাহে আরও বিস্তৃত হবে।” তিনি স্পষ্ট করে দেন যে, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পূর্ণাঙ্গভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সামরিক তৎপরতা থামবে না।
ইসরায়েলি এই মন্ত্রী আরও দাবি করেন, তাঁদের প্রতিরক্ষা ব্যবস্থা ও অভ্যন্তরীণ বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত শক্তিশালী। যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাঁরা পিছু হটবেন না বলেও দম্ভোক্তি করেন তিনি।
বিশ্লেষকদের মতে, ঈদের দিনে তেহরানে বিস্ফোরণ এবং এর পরপরই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এমন সরাসরি যুদ্ধের হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ এই উত্তেজনাকে বিশ্বরাজনীতিতে নতুন মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে।