বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

এফএনএস স্পোর্টস
| আপডেট: ২১ মার্চ, ২০২৬, ০৭:৩৮ পিএম | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ০৭:৩৮ পিএম
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফরটি অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, লজিস্টিক সমস্যা ও পর্যাপ্ত তহবিলের অভাব দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তাবিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। তবে এ বিষয়ে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আয়ারল্যান্ড সম্প্রতি তাদের আগামী গ্রীষ্মকালীন মৌসুমের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। সেখানে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের নাম অন্তর্ভুক্ত থাকলেও রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। অথচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী জুলাই-আগস্ট মাসে আইরিশদের ডেরায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের।

ক্রিকইনফোর তথ্যমতে, ক্রিকেট আয়ারল্যান্ড প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আয়োজন করতে অপরাগতা প্রকাশ করেছে। তবে বিস্ময়কর বিষয় হলো, বাংলাদেশের সিরিজ বাতিল করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট এবং ভারতের বিপক্ষে জুনে দুটি টি-টোয়েন্টি ম্যাচের সূচি ঠিক রেখেছে তারা। এমনকি বাংলাদেশের সিরিজটি বাদ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যাও বাড়িয়ে নিয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড।

আচমকা এই সিদ্ধান্তে বিসিবি বা টাইগার সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় রয়েছে দেশের ক্রিকেট মহল। যদি শেষ পর্যন্ত এই সফর বাতিল হয়, তবে সেটি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা হিসেবেই বিবেচিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে