চাঁদপুর ডিসি ও ইউএনও'র মানবতার অনন্য দৃষ্টান্ত

ফরিদগঞ্জে ছয় প্রতিবন্ধী ভাইবোনের জন্য নতুন ঘর

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৫:১৮ পিএম
ফরিদগঞ্জে ছয় প্রতিবন্ধী ভাইবোনের জন্য নতুন ঘর

চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন ঘর তৈরি হচ্ছে ছয় প্রতিবন্ধী ভাই বোনের।দীর্ঘদিন ধরে এক কুঁড়ে ঘরে বসবাস করে আসছেন শারীরিক প্রতিবন্ধী ছয় ভাইবোন। মা ফুল বানুর সঙ্গে এক ছোট্ট কুঁড়ে ঘরে জীবনযাপন ছিল অত্যন্ত দুর্বিষহ। এ খবর জেনে এগিয়ে আসেন চাঁদপুরের জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার। স্থাপন করলেন মানবতার অনন্য এক দৃষ্টান্ত। চাঁদপুরের ফরিদগঞ্জে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক গল্প-একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে মা ও তার ছয়জন শারীরিক প্রতিবন্ধী সন্তান!  গণমাধ্যমে তাদের অসহায় জীবনের কথা প্রকাশ পেলে দৃষ্টিগোচর হয় জেলা প্রশাসকের। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে অবশেষে তাদের জন্য তৈরি হচ্ছে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে ৩ কক্ষের টিনশেড পাকা ভবন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অর্থায়নে এবং উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় ঘরটির তৈরি করে দেয়া হচ্ছে। জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার নিজ হাতে ইট বসিয়ে গত ১৯ মার্চ ২০২৬ ইং তারিখ এই মহৎ কাজের উদ্বোধন করেন। শুধু তাই নয়, ঈদ উপলক্ষে পরিবারটির হাতে তুলে দেওয়া হয় নতুন কাপড়, চিনি ও সেমাই। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ভূমিদাতা পরিবারের সদস্য বিল্লাল হোসেন মানিক ও আশপাশের লোকজন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান,গণমাধ্যম সমাজের আয়না।ফরিদগঞ্জে ছয় প্রতিবন্ধীকে নিয়ে এক পরিবারের মানবেতর জীবন।গণমাধ্যমে এর সচিত্র প্রতিবেদন দেখে পরিবারের সঙ্গে কথা বলে তাদের জীবন ও সমস্যার অবস্থা সম্পর্কে জেনে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই উদ্যোগ শুধু একটি ঘর নয়, এটি একটি নতুন জীবনের আশা।

আপনার জেলার সংবাদ পড়তে