ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত : ডোনাল্ড ট্রাম্প

এফএনএস বিশ্ব
| আপডেট: ২৩ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত : ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষাপটে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এ হুমকির জবাবে ইরানও পাল্টা সতর্কবার্তা দেয়। দেশটি জানায়, হামলা হলে তারা ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলের সেইসব বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে, যেগুলোতে মার্কিন ঘাঁটিগুলো বিদ্যুৎ সরবরাহ পায়।

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্প তার পূর্বঘোষিত আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ার আগেই অবস্থান কিছুটা নরম করেন। সোমবার (২৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত দুই দিনে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে।

ট্রাম্প লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের পারস্পরিক বিরোধ ও শত্রুতা পুরোপুরি অবসানের লক্ষ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”

তিনি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী পাঁচ দিনের মধ্যে ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা চালানো না হয়। তবে এই স্থগিতাদেশ চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভরশীল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্প আলোচনার কথা বললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। বরং গত কয়েকদিন ধরে তেহরান বারবার বলে আসছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসবে না।

এ অবস্থায় হামলা স্থগিতের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে একটি কৌশলগত বিরতি হিসেবে দেখা হচ্ছে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নির্ভর করছে পরবর্তী কয়েক দিনের কূটনৈতিক অগ্রগতির ওপর।