সাতক্ষীরা সদর উপজেলার পুষ্পকাটি ইটভাটা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ফরহাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে পুষ্পকাটি ইটভাটা সংলগ্ন কালভার্ট সংস্কার কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন সেকেন্দ্রা গ্রামের সিদ্দিক সরদারের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুষ্পকাটি এলাকায় সংস্কারাধীন কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারান ফরহাদ। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বড় সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।