প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসেই অর্থনীতি ঘিরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে তার দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আন্তর্জাতিক মুদ্রা তহবিল এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এই সাক্ষাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। বৈঠকটি ছিল চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অংশ।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির অগ্রগতি এই বৈঠকে গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা মনে করছেন, আলোচনা ইতিবাচক হলে এবং নির্ধারিত শর্ত পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হলে জুনের মধ্যে স্থগিত থাকা কিস্তিসহ প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার ঋণ পাওয়া যেতে পারে।

জানা গেছে, আইএমএফের শর্ত অনুযায়ী রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন, জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বাড়ানো এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো বিষয়গুলো এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ, যা পরে বাড়িয়ে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। এখন পর্যন্ত বিভিন্ন কিস্তিতে ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পাওয়া গেছে, বাকি রয়েছে উল্লেখযোগ্য অংশ।

এদিকে একই দিনে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি রয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ঢাকার যানজট নিরসন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও ধারাবাহিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আপনার জেলার সংবাদ পড়তে