ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। প্রথম কর্মদিবস মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করে দিনের কার্যক্রম শুরু করেন তিনি।
দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আন্তর্জাতিক মুদ্রা তহবিল এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি।
একই দিনে রাজধানীর দীর্ঘদিনের সমস্যা যানজট নিরসনেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সংশ্লিষ্ট সূত্র বলছে, নগরবাসীর দৈনন্দিন দুর্ভোগ কমাতে কার্যকর সমাধান খোঁজার ওপর জোর দেওয়া হচ্ছে।
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে।
টানা সাত দিনের ছুটি শেষে এদিন থেকে সচিবালয়সহ সব সরকারি দপ্তর, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। ফলে পুরো সচিবালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কাজের ব্যস্ততাও চোখে পড়ছে।