নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত রাজু মেম্বার ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কালীগ্রাম গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে ও নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য রাজু আহমেদ (রাজু মেম্বার) দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। সমপ্রতি চকভালাই গ্রামের বাসিন্দা সারওয়ার জাহান উজ্জল (৪৫) কালীগ্রামে একটি বসতবাড়ি কেনার পর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার (২২ মার্চ) দুপুরে রাজু মেম্বারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় উজ্জলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টার দিকে কালীগ্রাম কাচারি মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে উত্তরা ডিগ্রি কলেজ মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় ৪৫ মিনিট ধরে চলা এ অবরোধে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।