অভ্যন্তরীণ ফ্লাইটে প্রভাব পড়তে পারে

লিটারে ৯০ টাকা বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৪:৫৯ পিএম
লিটারে ৯০ টাকা বাড়ল উড়োজাহাজের জ্বালানির দাম

বাংলাদেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকারও বেশি বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (২৪ মার্চ, মঙ্গলবার) নতুন মূল্য ঘোষণা করে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক রুটেও প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, দাম বৃদ্ধি কার্যকর হবে ২৪ মার্চ মধ্যরাত (২৫ মার্চ) থেকে। এ মাসে এটি দ্বিতীয়বারের মতো জেট ফুয়েলের দাম সমন্বয়। মাসের শুরুতে লিটারপ্রতি দাম ৯৫ টাকা ১২ পয়সা থেকে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়েছিল। কমিশন সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে এমন বড় ধরনের বৃদ্ধি নেওয়া হলো।

জুমে অনুষ্ঠিত জরুরি সভায় পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং বাজার পরিস্থিতি অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়। একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, “নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।”

বিশ্লেষকরা বলছেন, লিটারে এত বড় মূল্যবৃদ্ধি সরাসরি বিমান ভাড়ায় প্রভাব ফেলবে। বিশেষ করে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের ওপর চাপ বাড়বে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এয়ারলাইন্সের খরচও বৃদ্ধি পাবে। রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত এবং হরমুজ প্রণালিতে সরবরাহে বিঘ্নের কারণে এশিয়ায় জেট ফুয়েলের দর ব্যারেলপ্রতি ১৬৩ ডলার পর্যন্ত উঠেছে।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আগের প্রজ্ঞাপনের পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে, তবে চলতি মাসে দুইবার সমন্বয় হওয়াটা নতুন ঘটনা।

আপনার জেলার সংবাদ পড়তে