বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদের আঙিনায় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদ প্রশাসক হিসেবে তার দায়িত্বের সূচনা করেন।
এ সময়ে জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব চেম্বার অব কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুরের পিপি অ্যাড. আবুল কালাম আকন, জিপি অ্যাড. সৈয়দ সাব্বির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাড. এস. এম. রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মো: মুনিরুজ্জামান নাসিম, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি আহসান কবির প্রমুখ।
বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তার নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানে পিরোজপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন।
প্রসঙ্গত আলমগীর হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে জামায়াত প্রার্থী সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর কাছে হেরে যান।