মুলাদীতে জমি বিরোধে সংঘর্ষ, সরকারি কর্মকর্তাসহ আহত ৫

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৭:৫৪ পিএম
মুলাদীতে জমি বিরোধে সংঘর্ষ, সরকারি কর্মকর্তাসহ আহত ৫

বরিশালের মুলাদীতে জমি বিরোধের জেরে সংঘর্ষে সরকারি কর্মকর্তাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর কাজিরচর গ্রামের জাহাঙ্গীর ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। চাচার দেওয়া জমির সীমানা পিয়ার ভাতিজারা তুলে ফেললে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে জানান আহতরা। এঘটনায় দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 

আহতরা হলেন, হিজলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মঈনুদ্দীন ব্যাপারী (৪০) ও তার ভাই বায়েজিদ হোসেন (৩৫) এবং মো. জাহাঙ্গীর ব্যাপারী (৭০), তার স্ত্রী হিরোনা বেগম (৬০), ছেলে সজল ব্যাপারী (৪৫)। 

আহত বায়েজিদ হোসেন বলেন, তাদের বাড়ির জমি নিয়ে তার চাচা জাহাঙ্গীর ব্যাপারীর সঙ্গে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে জাহাঙ্গীর ব্যাপারী ওই জমি থেকে কলা কেটে নেন এবং সীমানা পিয়ার দেন। তার ভাই মঈনুদ্দীন ব্যাপারী কলা নেওয়ার প্রতিবাদ করেন এবং পিয়ার তুলে ফেলেন। এতে জাহাঙ্গীর ব্যাপারী ও লোকজন দা, লাঠিসোটা নিয়ে হামলা চালান। তাদের বাধা দিলে সংঘর্ষ হয়। এতে তারা দুই ভাই আহত হন। এ ঘটনায় মঈনুদ্দীন বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ দেন। 

সজল ব্যাপারী হামলার কথা অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জমিতে সীমানা দেওয়া ছিল। মঙ্গলবার সকালে মঈনুদ্দীন ব্যাপারী সীমানা পিয়ার তুলে ফেলেন। বিষয়টি নিয়ে তার বাবা জাহাঙ্গীর ব্যাপারী জিজ্ঞাসা করতে যান। এতে মঈনুদ্দীন ও তার ভাই বায়েজিদ ক্ষিপ্ত হয়ে হামলা চালান। জাহাঙ্গীর ব্যাপারীকে রক্ষা করতে গিয়ে তিনি (সজল) ও তার মা হিরোনা বেগম আহত হন। এঘটনায় সজল ব্যাপারী বাদী হয়ে মঈনিদ্দীন ও বায়েজিদের বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেন। 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে