গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৪ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার ত্রিমোহনী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল ও অকটেন) বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে জনৈক ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ ছিল।
অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে সত্যতা যাচাইয়ে অভিযানে সত্যতা পায় প্রশাসন। এসময় হাতেনাতে প্রমাণ পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার রাউৎকোনা মোড়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পৃথক দুটি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক। অভিযান শেষে তিনি জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।