রমজান ও ঈদুল ফিতরের ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে টানা ১০টি শনিবার শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে জারি করা এ আদেশে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণে ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবারও নিয়মিত পাঠদান চালু রাখতে হবে।
অফিস আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীনের স্বাক্ষর রয়েছে। এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “নির্ধারিত পাঠপরিকল্পনা পূরণের জন্য ছুটি শেষে পরবর্তী ১০টি শনিবার শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এর আগে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হয়। ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ছুটির কারণে পড়াশোনায় যে বিঘ্ন ঘটে, তা কাটিয়ে উঠতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।