নড়াইলের কালিয়া উপজেলায় "মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে" জ্বালানি তেল নিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে কিছুটা বিঘ্ন ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই উপজেলার একমাত্র ওই পেট্রোল পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন কৃষক, সাধারণ চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস পেট্রোল পাম্প পরিদর্শন করেন। তিনি জানান, তেলের সরবরাহ ও মজুদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সঠিক বণ্টন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুত বা অতিরিক্ত সংগ্রহ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকৃত ভোক্তারা যেন জ্বালানি পেতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে সক্রিয় রয়েছে। এ সময় তিনি আরো জানান, বৈধ কাগজপত্র ও হেলমেট থাকা সাপেক্ষে মোটরসাইকেলসহ যানবাহনগুলোতে এবং কৃষকদের জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে তাদের তেল সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।